এইচএসসি পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে ময়মনসিংহ নগরীতে তিশা সরকার (১৮) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৬টার দিকে ময়মনসিংহ নগরীর কাচিঝুলী মসজিদ রোড এলাকার নাসা টাওয়ার ভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিশা সরকার। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত তিশা সরকার একজন এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। আজই তার পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পরীক্ষার কয়েক ঘণ্টা আগে এমন ঘটনায় পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এস. এম. কে. মিজান 




















