বিশ্বকাপের উদ্বোধনী পর্বেই নাটকীয় দুই ম্যাচে ভিন্ন স্বাদ পেল ফুটবলপ্রেমীরা। একদিকে স্বাগতিক কানাডা শেষ মুহূর্তের গোলে হার এড়িয়ে বসনিয়া ও হার্জেগোভিনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে, অন্যদিকে প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র।
টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২১ মিনিটে জোভো লুকিচের গোলে এগিয়ে যায় বসনিয়া। ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েও সমতা ফেরাতে হিমশিম খেতে হয় কানাডাকে। শেষ পর্যন্ত ৭৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে মাত্র ১২১ সেকেন্ডের মধ্যে গোল করে দলকে রক্ষা করেন সাইল লারিন। ফলে ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি।
অন্যদিকে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে দুর্দান্ত ফুটবল উপহার দেয় যুক্তরাষ্ট্র। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে তারা। আত্মঘাতী গোলের মাধ্যমে এগিয়ে যাওয়ার পর ফ্লোরিয়ান বালোগানের জোড়া গোল যুক্তরাষ্ট্রকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ে একটি গোল শোধ করলেও শেষ মুহূর্তে জিও রেইনার গোলে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের এক ম্যাচে প্রথমবারের মতো চার গোল করার কীর্তি গড়েছে যুক্তরাষ্ট্র। আর কানাডা শেষ মুহূর্তের লড়াইয়ে অন্তত একটি পয়েন্ট নিশ্চিত করে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে।

স্পোর্টস ডেস্ক 


























