ময়মনসিংহের ত্রিশালের ধানীখোলা মিলন সমাজ মাঠে সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ আহলে হাদিস তাবলিগের জাতীয় ইজতেমা ২০২৪ সালের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব উপস্থাপন করা হয়। একই অনুষ্ঠানে ২০২৫ সালের ৪৪তম জাতীয় ইজতেমার মাঠ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় আমীর ড. মুজাফফর বিন মহসীন হাফিজুল্লাহ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও উপস্থিত তাবলিগ সাথীরা।
অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ আলহাজ্ব নাহিদুজ্জাম নাহিদ ২০২৪ সালের পূর্ণাঙ্গ আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন। তিনি জানান, গত ইজতেমার মোট আয় ছিল ১০ লাখ ৯৯ হাজার ৪৯ টাকা, আর ব্যয় হয়েছে ৯ লাখ ৫৬ হাজার ১৩০ টাকা। ফলে উদ্বৃত্ত থাকে ১ লাখ ৪২ হাজার ৯১৯ টাকা। এছাড়া ২০২৩ সালের উদ্বৃত্ত ৪ লাখ ১৭ হাজার ৬৭৩ টাকা যোগ হওয়ায় ২০২৪ সালের মোট উদ্বৃত্ত দাঁড়ায় ৫ লাখ ৬০ হাজার ৫৯২ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন ধানীখোলা কেন্দ্রীয় মারকাজের ভারপ্রাপ্ত আমীর আলহাজ্ব মুস্তাফিজুর রহমান, সূরা সদস্য আলহাজ্ব আব্দুর রাজ্জাক, ধানীখোলা ও কাটাখালি মারকাজের বিভিন্ন মসজিদের জিম্মাদারসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আহলে হাদিস তাবলিগের জাতীয় ইজতেমা শুধু একটি ধর্মীয় সমাবেশ নয়, বরং এটি দেশব্যাপী ঈমানি চেতনা ও ইসলামি আদর্শ জাগ্রত করার একটি মহৎ উদ্যোগ। ২০২৫ সালের জাতীয় ইজতেমা সফল করতে সারাদেশের মুসল্লিদের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম-ওলামা এবং ধর্মপ্রাণ তাবলিগ সাথীরা অংশ নেন।























