জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় নেত্রী এবং ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রওশন এরশাদের বাসভবন ‘সুন্দর মহল’-এ হামলা ও ভাঙচুর চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে নগরীর গঙ্গাদাস গুহ রোডে অবস্থিত এই বাসায় বিক্ষোভকারীরা ঢুকে ভাঙচুর চালায়।
স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতিতে বাসভবনটি ‘কুটুমবাড়ী’ নামের একটি রেস্টুরেন্টের কাছে ভাড়া দেওয়া হয়। পরে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বাড়িটি দখলে নিয়ে সেখানে রেস্টুরেন্ট নির্মাণের কাজ শুরু করে।
এই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফুয়াদ খান, ওয়ালিউল্লাহ ওলি, ছাত্রনেতা জি.কে ওমর, আব্দুল আলীমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে ২৩ এপ্রিল দুপুর ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে এ কার্যালয়ের সামনে মানববন্ধন করে ‘সুন্দর মহল’কে ‘দালাল মহল’ ঘোষণার দাবি করেছে তারা।
বৈষম্যবিরোধী ছাত্র ও সাধারণ জনগণের ব্যানারে এক মানববন্ধনে বক্তারা ঘোষণা দেন, গণতন্ত্র ধ্বংসকারী ফ্যাসিস্টদের সহচর রওশন এরশাদের সুন্দর মহলকে বাণিজ্যিক ভবন হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। তারা এ ভবনটিকে রেস্টুরেন্টের কাছে ভাড়া দিয়ে অন্যায় কাজ করেছে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, রওশন এরশাদের বাড়িতে রেস্টুরেন্ট নির্মাণকাজ চলায় বৈষম্যবিরোধী ছাত্ররা ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মুফিদুল আলম বলেন, বাড়িকে ঘিরে ছাত্র-জনতার ক্ষোভ থাকায় সেখানে কোনো বাণিজ্যিক স্থাপনা না করাই উচিত। বিষয়টি নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
























