আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল করেছে সরকার। এর অংশ হিসেবে দ্বিতীয় দফায় আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৪ জেলার মধ্যে ১২ জন নতুনভাবে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন, যারা এর আগে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কর্মরত ছিলেন। দুজন জেলা প্রশাসককে এক জেলা থেকে অন্য জেলায় বদলি করা হয়েছে, আর বাকিদের পূর্বের কর্মস্থল থেকে মাঠ প্রশাসনে ফিরিয়ে আনা হয়েছে।
এর আগে শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে প্রথম ধাপে আরও ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছিল সরকার।
নতুন নিয়োগ পাওয়া জেলা প্রশাসকদের মধ্যে অন্যতম ময়মনসিংহ জেলার নতুন জেলা প্রশাসক হয়েছেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমান। তাকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ময়মনসিংহের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের এই রদবদল করা হলো। জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকেরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। ফলে নির্বাচনকে ঘিরে এই পরিবর্তনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নড়াইলের বর্তমান ডিসি শারমিন আক্তার জাহানকে ব্রাহ্মণবাড়িয়ায়, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আবদুল্লাহ আল মাসউদকে ঝিনাইদহে, মেহেরপুরের ডিসি মোহাম্মদ আবদুল ছালামকে নড়াইলে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর খুলনার জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ ইউসুপ আলীকে জামালপুরে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে মেহেরপুরে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লাকে কিশোরগঞ্জে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মো. মমিন উদ্দিনকে ঝালকাঠিতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আরিফ–উজ–জামানকে গোপালগঞ্জে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মোহাম্মদ কামাল হোসেনকে চুয়াডাঙ্গায়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. সায়েমুজ্জামানকে পঞ্চগড়ে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মো. আল মামুন মিয়াকে জয়পুরহাটে, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে ময়মনসিংহে, খাগড়াছড়ির স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাজমুন আরা সুলতানাকে মানিকগঞ্জে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মো. নাজমুল ইসলাম সরকারকে চাঁদপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার 























