কোপা দেল রে’র উত্তেজনাপূর্ণ ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা।
অতিরিক্ত সময়ে জুলস কুন্দের অসাধারণ গোলেই নিশ্চিত হয় কাতালানদের স্বপ্নের জয়। ম্যাচটি ৩-২ গোলে জিতে নেয় বার্সা।
শনিবার (২৬ এপ্রিল) রাতে এস্তাদিও দে লা কার্তুজায় অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে নির্ধারিত সময় শেষে দুই দল ছিল ২-২ গোলে সমতায়। শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে খেলতে নামা বার্সেলোনা ১২ মিনিটে পেদ্রির দুর্দান্ত শটে এগিয়ে যায়। প্রথমার্ধে রিয়াল কোনো প্রভাবই ফেলতে পারেনি।
বিরতির পর রিয়াল ম্যাচে ফিরে আসে। ৭০ মিনিটে কিলিয়ান এমবাপ্পে ফ্রি-কিক থেকে গোল করে সমতা ফেরান। এরপর ৭৪ মিনিটে আর্দা গুলারের কর্নার থেকে চৌয়ামেনি হেডে রিয়ালকে এগিয়ে দেন।
তবে শেষ হাসি হেসেছে বার্সেলোনাই। ৮৩ মিনিটে ইয়ামালের পাস পেয়ে ফেরান তোরেস গোল করে ম্যাচে সমতা ফেরান। রিয়াল গোলরক্ষক কোর্তোয়া ও ডিফেন্ডার রুডিগারের ভুলে সহজ সুযোগ পায় বার্সা।
ম্যাচ যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, তখনই নাটকীয় মুহূর্ত! অতিরিক্ত সময়ের ১১৫তম মিনিটে মদ্রিচের ভুল পাস কুন্দে লুফে নেন। তারপর দুর্দান্ত এক শটে কোর্তোয়াকে পরাস্ত করে জয় এনে দেন বার্সেলোনাকে।
এই শিরোপা জয়ের মাধ্যমে চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো রিয়ালকে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরলো বার্সেলোনা। এর আগে স্প্যানিশ সুপার কাপেও তাদের হারিয়েছিল কাতালানরা।



























