ময়মনসিংহের হালুয়াঘাটে ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ৯৫ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। শাকুয়াই ইউনিয়নের রামনাথপুর ও ভাট্টা বাজার এলাকা থেকে এসব চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় আবদুর রশিদ (৫৫) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামনাথপুরে অভিযানে চালিয়ে আবদুর রশিদের বাড়ি থেকে ৬৮ বস্তা (প্রতিটি ৩০ কেজি) চাল জব্দ করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যে রাত ১২টার দিকে ভাট্টা বাজারের তাঁর একটি দোকান থেকে আরও ২৭ বস্তা চাল উদ্ধার করা হয়।
আটক আবদুর রশিদ দাবি করেছেন, তিনি উপকারভোগীদের কাছ থেকে বস্তাপ্রতি ১ হাজার ১০০ টাকা দিয়ে চালগুলো কিনেছিলেন এবং বিক্রির উদ্দেশ্যে মজুত করেন। তাঁর ভাষ্য, “আমি জানতাম না এভাবে চাল কেনা বেআইনি, এটি আমার ভুল হয়েছে।”
শাকুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান বলেন, ঈদুল আজহা উপলক্ষে চলতি ২০২৩-২৪ অর্থবছরের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় দরিদ্রদের মধ্যে চাল বিতরণ চলছে। কয়েক দিন আগে উপকারভোগীদের দুই বস্তা করে চাল দেওয়া হয়, আর মঙ্গলবার দেওয়া হয় তিন বস্তা করে। তিনি জানান, “সম্ভবত কেউ কেউ ঈদের অতিরিক্ত খরচ মেটাতে চাল বিক্রি করে দিয়েছেন। বিষয়টি অনাকাঙ্ক্ষিত, সবাইকে নিষেধ করা হয়েছে।”
হালুয়াঘাট থানার উপপরিদর্শক শুভ্র সাহা জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৫ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
























