আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এক চাঞ্চল্যকর সাইবার হামলার ঘটনায়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার প্রধান কাশ প্যাটেল এর ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্টে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে বিশ্বস্ত সূত্র।
মার্কিন গণমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা এই সাইবার হামলার সঙ্গে জড়িত। তারা এফবিআই প্রধানের ব্যক্তিগত ইমেইলে প্রবেশ করে বিভিন্ন নথি, ছবি এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে অনলাইনে প্রকাশ করেছে বলে জানা গেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হ্যাকাররা শুধু ইমেইল অ্যাক্সেস করেই থেমে থাকেনি—তারা সেখান থেকে সংবেদনশীল উপকরণ ডাউনলোড করে ফাঁস করেছে, যা নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। যদিও ঠিক কী ধরনের তথ্য ফাঁস হয়েছে, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়।
বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা প্রমাণ করে যে সাইবার হামলা এখন আন্তর্জাতিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে। এমনকি উচ্চপর্যায়ের কর্মকর্তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টও যে নিরাপদ নয়, সেটি আবারও সামনে এলো।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে বিষয়টি তদন্তে নেমেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
আন্তর্জাতিক ডেস্ক 


























