যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত এডওয়ার্ডস এয়ার ফোর্স বেস-এ উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির পাইলটসহ মোট ৮ জন আরোহীর সবাই নিহত হয়েছেন।
সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিমানঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত পরীক্ষামূলক মিশনের অংশ হিসেবে বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। এ জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে ঘাঁটি কর্তৃপক্ষ।
ঘটনার পর সাময়িকভাবে এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসে সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। বাইরে থাকা বিমানগুলোকে অন্য ঘাঁটিতে অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া উঠছে।

আন্তর্জাতিক ডেস্ক 
























