পশ্চিম আফ্রিকার দেশ নাইজার–এর বৃহত্তম বিমানবন্দর দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর–এ বন্দুক হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।
নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং ২ জন বেসামরিক ব্যক্তি রয়েছেন। এছাড়া ৪ জন হামলাকারী আহত এবং ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ও গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে আরপিজি-৭ রকেট লঞ্চার, একে-৪৭ রাইফেল, বিস্ফোরক, গ্রেনেড, ওয়াকিটকি এবং বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করেছে।
হামলার দায় স্বীকার করেছে জামা’য়াত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)। গোষ্ঠীটি আল-কায়েদার সমর্থনপুষ্ট বলে জানা গেছে।
রাজধানী নিয়ামে–তে অবস্থিত বিমানবন্দরটিতে বেসামরিক কার্যক্রমের পাশাপাশি নাইজারের সেনাবাহিনীর একটি ঘাঁটি এবং অ্যালায়েন্স অব সাহেল স্টেটস (AES)–এর স্থাপনাও রয়েছে। ফলে এটি দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনা হিসেবে বিবেচিত।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজের পরপরই বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। হামলার পর থেকেই জেএনআইএমের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান শুরু করেছে নাইজারের সেনাবাহিনী।

আন্তর্জাতিক ডেস্ক 
























