চীনের রাজধানী বেইজিং-এর ১০৯ তলা সিটিক টাওয়ার-এ একটি ছোট বিমান আঘাত হেনেছে। এ ঘটনায় ভবনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভবনটি খালি করে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
শুক্রবার (২৬ জুন) South China Morning Post-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তাৎক্ষণিকভাবে হতাহত বা বিমানে কতজন আরোহী ছিলেন, সেটি কোথা থেকে উড্ডয়ন করেছিল কিংবা কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে—এসব বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ৫২৮ মিটার উঁচু ভবনটির ওপরের দিকের একটি তলায় বিমানটি আঘাত হানে। এরপর ধ্বংসাবশেষের বড় বড় অংশ নিচের রাস্তা ও সবুজ চত্বরে ছড়িয়ে পড়ে। ভবন থেকে লোকজনকে দ্রুত সরিয়ে নেওয়ার দৃশ্যও ভিডিওতে দেখা যায়।
এক প্রত্যক্ষদর্শী নারী জানান, সন্ধ্যা ৬টার দিকে জরুরি ভিত্তিতে তাকে ভবন থেকে বের করে দেওয়া হয়। তিনি পরিচয়পত্র বা ব্যাগ নেওয়ারও সুযোগ পাননি।
ঘটনার পর পুলিশ ভবনের চারপাশের সড়ক ঘিরে ফেলে এবং সাধারণ মানুষকে এলাকা থেকে সরিয়ে দেয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও কয়েকটি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়।
অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা যায়, বিমানটির নিবন্ধন নম্বর ছিল বি-১২পিপি। Flightradar24-এর তথ্য অনুযায়ী, এটি StarAir Aircraft-এর তৈরি Sanward SA60L Aurora মডেলের দুই আসনের একটি বিমান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে, স্থানীয় একটি ব্যক্তিগত পাইলট প্রশিক্ষণ ও আকাশপথে পর্যটনসেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিমানটি পরিচালনা করছিল। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, বেইজিংয়ে যেকোনো ধরনের হালকা বিমান উড্ডয়নের জন্য চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমানবাহিনীর অনুমতি প্রয়োজন। সম্প্রতি শহরটিতে সাধারণ বিনোদনমূলক উড্ডয়ন ও ড্রোন পরিচালনায়ও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক 























