ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩,২৩৮ জন এবং এখনো নিখোঁজ রয়েছেন ৬৮,৯০০ জন।
জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, এই দুর্যোগে প্রায় ৬৭ লাখ ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। রাজধানী কারাকাসেই ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ২০ লাখ বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, উপকূলীয় শহর কাতিয়া লা মারের প্রায় ৩১.৫ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইওএম মহাপরিচালক অ্যামি পোপ বলেন, দুর্যোগ-পরবর্তী প্রথম কয়েক ঘণ্টা ও দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংস্থাটি ইতোমধ্যে জরুরি ত্রাণ, আশ্রয় ও সুরক্ষা সহায়তা নিয়ে ভেনেজুয়েলা সরকারের সঙ্গে কাজ শুরু করেছে। ব্যাপক অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির আশঙ্কাও করা হচ্ছে।
ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, গত বুধবার মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ৭.৫ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইয়ারাকুই রাজ্যের ইউমারে শহরের ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ৭.২ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল সান ফেলিপের ২৩.৯ কিলোমিটার উত্তর-পূর্বে।
জাতিসংঘ জানিয়েছে, ভেনেজুয়েলার জনগণের পাশে দাঁড়াতে এবং জীবন রক্ষাকারী সহায়তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত ও সমন্বিত পদক্ষেপ জরুরি।

আন্তর্জাতিক ডেস্ক 


























