গত জুন মাসের শেষ দিকে টানা আট দিনের তীব্র তাপপ্রবাহে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি দেশে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপভিত্তিক সংস্থা ইউরোমোমোর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত চলা তাপপ্রবাহের সময় মৃতদের মধ্যে প্রায় ৯ হাজার জনের বয়স ছিল ৬৫ বছর বা তার বেশি। অধিকাংশের মৃত্যু হয়েছে তাপজনিত কারণে হৃদযন্ত্র ও শ্বাসতন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে।
ইউরোমোমোর কর্মকর্তা ও ডেনমার্কের স্ট্যাটেন্স সেরাম ইনস্টিটিউটের প্রধান চিকিৎসক লাসে ভেস্টারগার্ড বলেন, প্রচণ্ড গরমের কারণেই এসব মৃত্যু হয়েছে। বছরের এ সময়ে এত অল্প সময়ে এত মানুষের মৃত্যু স্বাভাবিক নয়।
প্রতিবেদনে দেশভিত্তিক মৃত্যুর সংখ্যা প্রকাশ করা না হলেও জানানো হয়েছে, মৃতদের বড় একটি অংশ ফ্রান্স ও বেলজিয়ামের বাসিন্দা।
সরকারি তথ্য অনুযায়ী, তাপপ্রবাহের কারণে ইইউভুক্ত কয়েকটি দেশে গত আট সপ্তাহ ধরে প্রতি সপ্তাহে গড়ে প্রায় ৫০০ জনের মৃত্যু হচ্ছে।
এদিকে, ইউরোপের বিজ্ঞানীরা জানিয়েছেন, জুনের এই তাপপ্রবাহের পেছনে মানুষসৃষ্ট জলবায়ু পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতে এমন তাপপ্রবাহ আরও ঘন ঘন ফিরে আসতে পারে বলেও তারা সতর্ক করেছেন।
সূত্র: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক 
























