ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা ‘লং মার্চ টু পার্লামেন্ট’ কর্মসূচিকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর বিভিন্ন এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্য দিল্লির কয়েকটি এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
সোমবার (২০ জুলাই) নিষেধাজ্ঞা ও ব্যারিকেড উপেক্ষা করে সংসদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সিজেপির হাজারো সমর্থককে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হন।
মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এ কর্মসূচির ডাক দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
বিক্ষোভের মধ্যে দলটি সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছে, কোথাও বাধার মুখে পড়লেও শান্তি বজায় রাখতে হবে এবং শান্তিপূর্ণ উপায়েই আন্দোলন চালিয়ে যেতে হবে।
এর আগে রোববার দিল্লি পুলিশ কর্মসূচির অনুমতি বাতিল করে এবং যন্তর মন্তর এলাকা ছাড়া রাজধানীতে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ ঘোষণা করে। পুলিশ জানায়, এ নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: এনডিটিভি

আন্তর্জাতিক ডেস্ক 























