দীর্ঘ ২৬ দিনের অনশন শেষে অবশেষে অনশন ভেঙেছেন ভারতের জলবায়ু, পরিবেশ ও সামাজিক আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত স্থানীয় সময় প্রায় ১টার দিকে তরল খাবার গ্রহণের মাধ্যমে তিনি অনশন শেষ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হাসপাতালে চিকিৎসাধীন সোনাম ওয়াংচুকের পাশে উপস্থিত রয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিং। এ সময় তার স্ত্রী গীতাঞ্জলী আংমোও সেখানে ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিও ভিডিওটি প্রকাশ করেছে।
সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত ২৮ জুন নয়াদিল্লির যন্তর মন্তরে অনশন শুরু করেন সোনাম ওয়াংচুক।
অনশন ভাঙার পর তিনি বলেন, “আমি অনশন ভাঙতে পেরে কৃতজ্ঞ। গীতাঞ্জলী সবসময় আমার পাশে ছিল। আমি শুধু তার প্রতি আমার কৃতজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, “আমি সবাইকে অনুরোধ করব, কোথাও যেন কোনো ধরনের সহিংসতা না হয়। সবাই শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান।”
অনশনের প্রথম ২০ দিন যন্তর মন্তরেই অবস্থান করেন সোনাম। পরে ২১তম দিনে দিল্লি পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তার স্ত্রী দিল্লি হাইকোর্টে আবেদন করলে আদালতের নির্দেশে তাকে মেদান্ত হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিট পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় সিজেপি ও সোনাম ওয়াংচুক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছিলেন। যদিও তিনি পদত্যাগ করেননি, তবে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বিনীত যোশীকে অন্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এই সিদ্ধান্তের পরই অনশন ভাঙেন সোনাম।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, টানা ২৬ দিনের অনশনে সোনাম ওয়াংচুকের ওজন প্রায় ১১ কেজি কমে গেছে।
সূত্র: এনডিটিভি

আন্তর্জাতিক ডেস্ক 
























