ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। পুলিশের কঠোর নিরাপত্তাব্যবস্থা ও ব্যাপক ধরপাকড়ের মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। শনিবার (১০ অক্টোবর) দিনভর চলা অভিযানে তিন হাজারের বেশি মানুষকে আটক করার খবর পাওয়া গেছে।
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে এ কর্মসূচির ডাক দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কয়েকটি বামপন্থি ছাত্রসংগঠন।
বিক্ষোভ শুরুর আগেই দিল্লিতে পৌঁছানোর পর সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও মুখপাত্র সৌরভ দাসকে আটক করে পুলিশ। উড়োজাহাজে দিল্লিতে পৌঁছানোর পর তাঁদের হেফাজতে নেওয়া হয়। আটকের পর তাঁদের অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
শীর্ষ নেতাদের আটকের পরও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয় সিজেপি। সংগঠনটির জাতীয় সাংগঠনিক দায়িত্বে থাকা অজিঙ্ক্য শিন্দেকে আন্দোলনের নেতৃত্ব দেওয়া হয়। আটকের আগে ধারণ করা অভিজিৎ দীপকের একটি বার্তার মাধ্যমে নতুন নেতৃত্বের বিষয়টি জানানো হয়।
এদিকে, দিল্লি হাট এলাকায় বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) নেত্রী নেহা বোরা। পরে ওই এলাকার সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে তাঁকেসহ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ।
বিক্ষোভে যোগ দেওয়ার আগেই জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটকের খবরও প্রকাশিত হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, শনিবার সকালে দিল্লি ও গুরুগ্রাম পুলিশের যৌথ অভিযানে গুরুগ্রামের একটি আবাসিক ফ্ল্যাট থেকে তাঁকে আটক করা হয়। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আন্দোলনকারীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশন ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করতে যাচাই কার্যক্রমের প্রয়োজনীয়তার কথা বলে আসছে।
বিক্ষোভ মোকাবিলায় দিল্লির গুরুত্বপূর্ণ সড়কে ব্যারিকেড স্থাপন, কয়েকটি মেট্রো স্টেশনে চলাচলে বিধিনিষেধ এবং নির্দিষ্ট এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতিও দেয়নি পুলিশ।
দিল্লির পাশাপাশি মুম্বাইয়েও আন্দোলনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানকার আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের আটকের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণায় ভারতের রাজনৈতিক পরিস্থিতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক 


























