সৌদি আরবের নেতৃত্বাধীন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে সরকার। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জাতীয় স্বার্থ, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক শান্তিরক্ষায় বাংলাদেশের অভিজ্ঞতার সম্ভাব্য ভূমিকা বিবেচনায়।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক জাতীয় সেমিনারে এসব কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
প্রতিমন্ত্রী বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তি বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে এবং দেশের শান্তিরক্ষা অভিজ্ঞতা মুসলিম দেশগুলোর কল্যাণ ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারলে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে।
তিনি জানান, সৌদি আরবের যুবরাজের রাজকীয় অতিথি হিসেবে দেশটি সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুবিধাজনক সময়ে তিনি সৌদি আরব সফর করবেন। অন্যদিকে সৌদি যুবরাজও বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছেন। উভয় পক্ষের সুবিধাজনক সময়ে তাঁর ঢাকা সফরের আয়োজন করা হবে।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক এখন শ্রম অভিবাসন ও রেমিট্যান্সের প্রচলিত কাঠামো ছাড়িয়ে বৃহত্তর অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বের দিকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ এবং বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরের লক্ষ্য দুই দেশের মধ্যে বিনিয়োগ, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন ও যোগাযোগ খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে।
তিনি আরও জানান, অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন খাতে যৌথ বিনিয়োগ বাড়াতে একটি সম্ভাব্য বিনিয়োগ তহবিল গঠনের বিষয়ে আলোচনা চলছে। নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, সমুদ্রবন্দর, কৃষি, মৎস্য, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে সৌদি বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন তিনি।
সৌদি আরবের শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানোর ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষিত ও সনদপ্রাপ্ত পেশাজীবী তৈরি করতে হবে। একই সঙ্গে দেশটিতে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ যৌথভাবে ‘ফ্রম ওয়ার্কফোর্স টু স্ট্র্যাটেজিক পার্টনারশিপ: রিম্যাজিনিং বাংলাদেশ-কেএসএ রিলেশনস’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) ড. মো. নজরুল ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. মুক্তার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।
সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুমায়ুন কবির বলেন, মক্কা ও মদিনাসহ মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাই বাংলাদেশের অন্যতম লক্ষ্য। প্রতিরক্ষা চুক্তিতে অংশগ্রহণের বিষয়টি সেই লক্ষ্য সামনে রেখেই বিবেচনা করা হচ্ছে।
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘অন্যের ওপর নির্ভরশীলতার দিন শেষ। আমরা এখন দুই দেশের মধ্যে সমতাভিত্তিক অংশীদারত্ব এবং টেকসই নীতির ওপর গুরুত্ব দিচ্ছি।’
স্টাফ রিপোর্টার 

























