আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির ভারত সফর ঘিরে যখন কলকাতা উন্মাদনায় মেতে উঠেছে, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। মেসির সঙ্গে তোলা একটি ছবি এবং সেই ছবির ক্যাপশন ঘিরেই শুরু হয় বিতর্ক, যা দ্রুতই নেটিজেনদের আলোচনার কেন্দ্রে চলে আসে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে কলকাতায় পৌঁছান লিওনেল মেসি। যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শুভশ্রী। সেখানে মেসির সঙ্গে একাধিক ছবি তুলে অভিনেত্রী নিজেকে বাংলা চলচ্চিত্র জগতের প্রতিনিধি হিসেবে তুলে ধরেন। সেদিন ধূসর রঙের টপ ও লং স্কার্টে উপস্থিত ছিলেন তিনি।
অনুষ্ঠানের পর মেসির সঙ্গে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন শুভশ্রী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “বাংলা ফিল্মকে Goat এর সামনে রিপ্রেজেন্ট করার সুযোগ পেলাম।” এখানেই শুরু হয় বিতর্ক। মেসির ক্ষেত্রে বহুল ব্যবহৃত শব্দ G.O.A.T (Greatest Of All Time— সর্বকালের সেরা) না লিখে ‘Goat’ লেখায় নেটিজেনদের একাংশ অভিনেত্রীর জ্ঞান ও সচেতনতা নিয়ে প্রশ্ন তোলেন।
অনেকে মন্তব্যের ঘরে কটাক্ষ করে লেখেন, G.O.A.T এবং goat এক অর্থ বহন করে না। কেউ কেউ ব্যঙ্গ করে মেসির খেলার ধরন নিয়েও প্রশ্ন ছুড়ে দেন। আবার কেউ বিষয়টি ব্যাখ্যা করে লেখেন, G.O.A.T শব্দটি ক্রীড়াঙ্গনে সর্বকালের সেরাকে বোঝাতে ব্যবহৃত হলেও goat শব্দের অর্থ সাধারণ ছাগল— যার সঙ্গে শ্রেষ্ঠত্বের কোনো সম্পর্ক নেই।
সমালোচনা ও হাস্যরসের মুখে পড়ে পরে নিজের পোস্টটি সংশোধন করেন শুভশ্রী। তিনি ক্যাপশন থেকে ‘Goat’ বাদ দিয়ে কেবল ‘G.O.A.T’ শব্দটি রাখেন। তবে তাতেও থেমে থাকেননি নেটিজেনরা। কেউ কেউ তার ইংরেজি জ্ঞান ও উচ্চারণ নিয়েও তীর্যক মন্তব্য করেন।
এদিকে মেসির উপস্থিতিকে ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনের ব্যবস্থাপনা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অনেক দর্শক। অভিযোগ উঠেছে, উচ্চমূল্যের টিকিট কেটেও অনেকে মেসিকে কাছ থেকে দেখতে পারেননি। বিষয়টি নিয়েও সামাজিক মাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
সব মিলিয়ে, মেসির ভারত সফরের আনন্দের মধ্যেই একটি ছোট শব্দের ভুল ব্যবহারে আলোচনার কেন্দ্রে উঠে এলেন শুভশ্রী গাঙ্গুলী।
স্টাফ রিপোর্টার 

























