পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে কয়েক দিনের টানা ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৫৯ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাজধানী আবিদজানে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সরকারের মুখপাত্র আমাদু কুলিবালি জানান, আকস্মিক বন্যায় প্রাণহানির পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মৌসুমি ভারী বর্ষণের কারণে দেশের বিভিন্ন এলাকার সড়ক, সেতুসহ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক অঞ্চল এখনো বন্যার পানিতে তলিয়ে রয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল মোতায়েন এবং ত্রাণ কার্যক্রম শুরু করেছে সরকার। একই সঙ্গে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে বলে জানিয়েছেন সরকারের মুখপাত্র।
এদিকে প্রতিবেশী ঘানাতেও ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় রাজধানী আক্রাসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। সেখানে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সূত্র: রয়টার্স।

আন্তর্জাতিক ডেস্ক 
























