২০০ দিনের বেশি সময় সমুদ্রে কাটানোর পর বিশ্রাম ও মনোবল ফেরাতে থাইল্যান্ডের পর্যটননগরী পাতায়ায় যাচ্ছে প্রায় ৫ হাজার মার্কিন নাবিক ও মেরিন। তাদের বহনকারী মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন ও আরও দুটি নৌযান বুধবার থাইল্যান্ডের লায়েম চাবাং বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
মার্কিন নৌসেনাদের আগমনকে ঘিরে পাতায়ার ব্যবসায়ীরা অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার আশা করছেন। তবে একই সঙ্গে শহরটির যৌন পর্যটনকেন্দ্রিক কর্মকাণ্ড আরও বাড়তে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে শহরের সমুদ্রসৈকত ও রাতের বিনোদনকেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
থাই কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন দীর্ঘ সময় সমুদ্রে থাকার পর ধাপে ধাপে তীরে নামবেন। তাদের থাকার সময় ও ব্যয়ের ওপর নির্ভর করে স্থানীয় ব্যবসায় বড় ধরনের প্রভাব পড়তে পারে।
পাতায়ার মেয়র পরমাসে ন্গামপিচেসের হিসাবে, একজন মার্কিন সামরিক সদস্য দিনে প্রায় এক হাজার থেকে তিন হাজার থাই বাথ পর্যন্ত ব্যয় করতে পারেন। ফলে নৌসেনাদের তীরে অবস্থানকে স্বল্পমেয়াদে শহরের অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা।
তবে নৌসেনাদের আগমনকে ঘিরে যৌন ব্যবসা ও যৌন শোষণ বাড়ার আশঙ্কাও করছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে সপ্তাহান্তে কয়েকটি অভিযানে যৌন ব্যবসার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৪০ থেকে ৫০ জনকে আটক করেছে পুলিশ।
পাতায়া পুলিশের প্রধান আনেক সরাথংইউ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। প্রকাশ্য স্থানে যৌনকর্মীদের গ্রাহক সংগ্রহের ঘটনা ঠেকানোই পুলিশের অন্যতম চ্যালেঞ্জ।
থাইল্যান্ডে পতিতাবৃত্তি আইনত নিষিদ্ধ হলেও ব্যাংকক ও পাতায়ার মতো পর্যটনকেন্দ্রে যৌন ব্যবসা দীর্ঘদিন ধরে প্রকাশ্যেই চলে আসছে। ব্যাংকক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক পিপাতপং ফাকফারের মতে, বিপুলসংখ্যক পর্যটক বা গ্রাহকের আগমন যৌন শোষণের ঝুঁকি বাড়াতে পারে। একই সঙ্গে যৌনবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।
গত বছরের নভেম্বরে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো ঘাঁটি থেকে যাত্রা শুরু করে ইউএসএস আব্রাহাম লিংকন। পরে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে সহায়তার জন্য রণতরিটিকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়। ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের দাবি, রণতরিটি টানা ২০০ দিনের বেশি সময় সমুদ্রে ছিল। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের কারণে নাবিকদের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়েও উদ্বেগ তৈরি হয়েছিল।
সূত্র: রয়টার্স
আন্তর্জাতিক ডেস্ক 



















