কলকাতার নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে সাতজনই বাংলাদেশি। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত গভীর রাতে নিউমার্কেটের ১৫, মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে এ অগ্নিকাণ্ড ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সাত বাংলাদেশির মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। তারা হলেন—কুষ্টিয়ার দেবাশীষ দত্ত (৩৯), তার স্ত্রী আফসানা শারমীন (২৭), তাদের তিন বছরের ছেলে স্বর্ণশীষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর মো. আকরাম আলি (৬৪)।
নিহত অন্য তিন বাংলাদেশি হলেন ঢাকার সাভারের বাবু আহমেদ (৩৭), সাতক্ষীরার কালিগঞ্জের রেবতী সরকার এবং এস এম আলিমুজ্জামান। তাদের মধ্যে কেউ চিকিৎসার জন্য এবং কেউ ভ্রমণের উদ্দেশ্যে কলকাতায় গিয়েছিলেন।
অগ্নিকাণ্ডে নিহত অপর দুইজন ভারতীয় নাগরিক। তারা হলেন ঝাড়খণ্ডের সন্দীপ পাশওয়ান (১৯) এবং শিলিগুড়ির যোগী নারায়ণ (৬৮)।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পাঁচতলা ভবনের ওই আবাসিক হোটেলের তৃতীয় তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
হোটেলটির প্রবেশ ও বের হওয়ার পথ সংকীর্ণ হওয়ায় আগুন লাগার পর অনেকেই ভেতরে আটকা পড়েন। ঘটনার সময় তৃতীয় তলার অনেক আবাসিক ঘুমিয়ে ছিলেন। ফলে তারা দ্রুত বের হতে পারেননি। অন্যদিকে ভবনের বিভিন্ন অংশের পর্যটকদের মধ্যে ধোঁয়ার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ঘুম থেকে উঠে ছাদে উঠে যান, আবার কেউ নিচে নেমে রাস্তায় চলে আসেন।
খবর পেয়ে পাশের ফ্রি স্কুল স্ট্রিটে অবস্থিত ফায়ার সার্ভিস সদর কার্যালয় থেকে দ্রুত কয়েকটি অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পরে নিউমার্কেট, পার্ক স্ট্রিট ও তালতলা থানার পুলিশ সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন।
ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা হোটেল থেকে একে একে প্রায় ৬০ থেকে ৭০ জনকে উদ্ধার করেন। তাদের মধ্যে আহত ও অসুস্থদের কলকাতা মেডিকেল কলেজ, নীলরতন সরকার মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সবাইকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় কলকাতায় বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক 
























