ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দেওয়ার পর যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লেবার পার্টির নেতৃত্বের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম।
দীর্ঘদিন গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করা বার্নহ্যাম লেবার পার্টির অন্যতম জনপ্রিয় নেতা। প্রশাসনিক অভিজ্ঞতা, দলীয় গ্রহণযোগ্যতা এবং সাম্প্রতিক সংসদীয় নির্বাচনে জয় পাওয়ার কারণে তাকে প্রধানমন্ত্রিত্বের সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দেখা হচ্ছে। এর আগে তিনি স্বাস্থ্য ও সংস্কৃতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন।
প্রধানমন্ত্রীর দৌড়ে রয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। তিনি স্বাস্থ্যখাতে সংস্কার ও এনএইচএসে চিকিৎসাসেবা উন্নয়নের জন্য পরিচিত। দলের মধ্যপন্থি ও ডানপন্থি অংশে তার উল্লেখযোগ্য সমর্থন রয়েছে।
এছাড়া সাবেক উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নার-এর নামও আলোচনায় রয়েছে। শ্রমজীবী পরিবার থেকে উঠে আসা এই নেত্রী আবাসন ও ভাড়াটেদের অধিকার নিয়ে কাজের জন্য পরিচিত। তবে ২০২৫ সালে কর-সংক্রান্ত বিতর্কের পর তিনি পদত্যাগ করেছিলেন।
এদিকে সাবেক লেবার নেতা এড মিলিব্যান্ড, স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আল কার্নস-এর নামও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছে।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে অ্যান্ডি বার্নহ্যামই লেবার পার্টির নেতৃত্ব এবং যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন।

আন্তর্জাতিক ডেস্ক 























