ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে গরু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করেছে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজ্য সরকারের দাবি, হাইকোর্টের রায় তামিলনাড়ুর বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
গত ২৭ মে মাদ্রাজ হাইকোর্ট ১৯৭৬ সালের একটি সরকারি আদেশ কার্যকর করে রাজ্যজুড়ে গরু ও বাছুর জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করে। পরে ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (এসএলপি) দায়ের করে তামিলনাড়ু সরকার।
আবেদনে বলা হয়েছে, ‘তামিলনাড়ু পশু সংরক্ষণ আইন, ১৯৫৮’ অনুযায়ী ১০ বছরের বেশি বয়সী এবং কর্মক্ষমতা বা প্রজনন ক্ষমতা হারানো গরু ও বাছুর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জবাই করা যায়। ফলে গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আইনটির পরিপন্থী।
রাজ্য সরকারের আরও অভিযোগ, হাইকোর্ট রাজ্যের আইনসভার এখতিয়ারে হস্তক্ষেপ করেছে এবং বিচারিক ক্ষমতার সীমা অতিক্রম করেছে।
মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশনায় বলা হয়েছিল, পশু জবাই শুধু অনুমোদিত কসাইখানায় করা যাবে। একই সঙ্গে ঈদুল আজহাসহ যেকোনো সময় গরু ও বাছুর জবাই ঠেকাতে রাজ্যের প্রশাসন ও পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
তামিলনাড়ুর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ইন্দু মাক্কাল কাচ্চি–এর এক নেতার করা আবেদনের পরিপ্রেক্ষিতে মাদ্রাজ হাইকোর্ট এ আদেশ দিয়েছিল।
সূত্র: ইন্ডিয়া টুডে।

আন্তর্জাতিক ডেস্ক 
























