বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো মন্তব্য করার মতো তথ্য নেই বলে জানিয়েছে নয়াদিল্লি। শুক্রবার (২১ আগস্ট) দিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, সফরের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
গত ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর নয়াদিল্লিতে তারেক রহমানের এটিই হতে পারে প্রথম সফর। সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে বলে জানা গেছে।
২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। সেই পরিস্থিতি কাটিয়ে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে।
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টিও দুই দেশের আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ঢাকা তাকে ফেরত পাঠানোর জন্য নয়াদিল্লির কাছে একাধিকবার অনুরোধ করেছে। তবে ভারত জানিয়েছে, বিষয়টি তারা পরীক্ষা করে দেখছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ রয়টার্সকে আরও বলেন, শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীদের হস্তান্তরের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
এর আগে গত মঙ্গলবারও দিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, তারেক রহমানের ভারত সফর নিয়ে মন্তব্য করার মতো নতুন কোনো তথ্য ভারতের কাছে নেই।
সম্প্রতি দিল্লিতে একটি অনলাইন অনুষ্ঠানে শেখ হাসিনা বক্তব্য দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিল ঢাকা। বাংলাদেশ জানিয়েছিল, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য আরও অনুকূল কূটনৈতিক পরিবেশ প্রয়োজন।
সূত্র: রয়টার্স, লাইভ মিন্ট
আন্তর্জাতিক ডেস্ক 
























