যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের বাটলার শহরের কাছে একটি ছোট ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে চালকসহ ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন যাত্রী ছিলেন, যারা সবাই স্কাইডাইভিংয়ে অংশ নিতে যাচ্ছিলেন।
রোববার স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিমানটি আকাশে ভারসাম্য হারিয়ে দুলতে থাকে এবং পরে দ্রুত নিচে নেমে মাটিতে আছড়ে পড়ে। এরপরই সেটিতে বিস্ফোরণ ঘটে।
দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল এক ইঞ্জিনবিশিষ্ট ছোট আকারের টার্বোপ্রপ উড়োজাহাজ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড।
মিসৌরির গভর্নর নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক 

























