জামালপুরের সরিষাবাড়ীতে একটি গোপন অভিযানে বিএনপি নেতা মো. আলী হোসেনের মালিকানাধীন গুদাম থেকে ৫ হাজার ২০০ কেজি সরকারি চাল উদ্ধার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এবং সেনাবাহিনীর লেফটেন্যান্ট শাহারিয়া তালুকদার রিফাতের নেতৃত্বে পরিচালিত অভিযানে সরকারি ভিজিডি কর্মসূচির জন্য নির্ধারিত ৫০ কেজির সিলযুক্ত মোট ১০৪টি চালের বস্তা পাওয়া যায়।
গুদামটির মালিক আলী হোসেন পিংনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং বাসুরিয়া গ্রামের মৃত লাল মাহমুদের পুত্র। অভিযানকালে তিনি গুদামে উপস্থিত ছিলেন না এবং বর্তমানে পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সরকারি চাল অবৈধভাবে মজুত ও কালোবাজারির উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে প্রশাসন। উদ্ধারকৃত চাল পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আলী হোসেনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল হাসান জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
























