যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে চমকে ভরা একটি দিন পার হয়েছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়েছে অভিষেক বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে। একই দিনে বেলজিয়ামকে ড্র করিয়েছে মিশর এবং উরুগুয়ের বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট তুলে নিয়েছে সৌদি আরব।
গ্রুপ এইচে আটলান্টায় স্পেনের বিপক্ষে ০-০ গোলে ড্র করে বিশ্বকাপের অন্যতম বড় অঘটন ঘটায় কেপ ভার্দে। ফিফা র্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা স্পেন পুরো ম্যাচে ২৭টি শট নিলেও গোলের দেখা পায়নি। ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা সাতটি দুর্দান্ত সেভ করে ম্যাচের নায়ক বনে যান। মাত্র পাঁচ লাখের কিছু বেশি জনসংখ্যার দেশটির জন্য এটি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
অন্যদিকে গ্রুপ জিতে বেলজিয়াম ও মিশরের লড়াই ১-১ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে মোহাম্মদ সালাহর দারুণ পাস থেকে ইমাম আশুর গোল করে মিশরকে এগিয়ে দেন। তবে দ্বিতীয়ার্ধে রোমেলু লুকাকুর তৈরি করা চাপে মিশরের ডিফেন্ডার মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে সমতায় ফেরে বেলজিয়াম। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় দুই দলই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।
গ্রুপ এইচের অন্য ম্যাচে সৌদি আরবও চমক দেখিয়েছে। ম্যাচের শুরুতেই আব্দুলেলাহ আল-আমরির গোলে এগিয়ে যায় সৌদিরা। পরে উরুগুয়ে আক্রমণের ঝড় তুললেও ৮০ মিনিটে ম্যাক্সি আরাউজোর গোলে কেবল সমতা ফেরাতে সক্ষম হয়। ১-১ গোলের ড্রয়ে শেষ হওয়া ম্যাচে মূল্যবান এক পয়েন্ট তুলে নেয় সৌদি আরব।
এদিকে গ্রুপ জির আরেক ম্যাচে ইরান ও নিউজিল্যান্ডও ১-১ গোলে ড্র করেছে। ফলে বিশ্বকাপের এই দিনে চারটি ম্যাচের মধ্যে তিনটিই ড্র হয়েছে। বিশেষ করে স্পেন, বেলজিয়াম ও উরুগুয়ের মতো শক্তিশালী দলগুলোর পয়েন্ট হারানোয় গ্রুপগুলোর লড়াই আরও জমে উঠেছে।

স্পোর্টস ডেস্ক 

























