মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক সংঘাতে চীন ও রাশিয়া নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ জন্য ধন্যবাদ জানান।
ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে অনুষ্ঠিত জি–৭ সম্মেলনের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সংঘাত চলাকালে চীন ও রাশিয়া এমন কোনো পদক্ষেপ নেয়নি, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারত।
তিনি দাবি করেন, চীন ও রাশিয়া অস্ত্র পাঠায়নি কিংবা এমন কোনো কাজ করেনি, যা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও সামরিক প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারত। এ কারণে তিনি দুই দেশকে ধন্যবাদ জানান।
ট্রাম্প আরও বলেন, শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন চাইলে পরিস্থিতি আরও কঠিন করে তুলতে পারতেন, কিন্তু তারা নিরপেক্ষ অবস্থান বজায় রাখার সিদ্ধান্ত নেন।
তবে তিনি অভিযোগ করেন, ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশ সংঘাত চলাকালে পর্যাপ্ত সহায়তা দেয়নি।
এ সময় ট্রাম্প হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ওই অঞ্চলের নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছিল।
অন্যদিকে, চীন ও রাশিয়া উভয়ই ইরানের সঙ্গে তাদের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে এবং পশ্চিমা সামরিক পদক্ষেপের সমালোচনা করেছে।
চীনের ওয়াশিংটন দূতাবাসের এক মুখপাত্র বলেন, বেইজিংয়ের অবস্থান সবসময়ই সংঘাত কমানো, শান্তি প্রতিষ্ঠা এবং কূটনৈতিক সমাধানকে সমর্থন করা। চীন বারবার জানিয়েছে, তারা উত্তেজনা বৃদ্ধির বিরোধী এবং সব ধরনের সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পক্ষে।
তথ্যসূত্র: সামা টিভি।

আন্তর্জাতিক ডেস্ক 


























