২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার সকাল ১০টায় দেশের ১৭টি কেন্দ্র এবং ৪৯টি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে হবে। সকাল ৯টা ৩০ মিনিটের পর কেন্দ্রের প্রধান ফটক বন্ধ করা হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা স্বচ্ছ ব্যাগে রঙিন প্রবেশপত্র, কালো কালি বলপয়েন্ট কলম এবং এইচএসসি বা সমমানের প্রবেশপত্র/রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে পারবেন। মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটরসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস এবং অন্য কোনো ব্যাগ আনতে নিষেধাজ্ঞা থাকবে।
এই বছর ভর্তি পরীক্ষার সময় ১৫ মিনিট বৃদ্ধি করে মোট ১ ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন হচ্ছে—জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলি ১৫। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর এবং ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা হবে। উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম নম্বর ৪০।
সরকারি মেডিকেল কলেজগুলোতে এই শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ৫,১০০ আসন এবং বিডিএস কোর্সে ৫৪৫ আসন রয়েছে। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট আসন—এমবিবিএস ৬,০১ এবং বিডিএস ১,৪০৫। সব মিলিয়ে এমবিবিএস কোর্সে ১১,১০১ এবং বিডিএস কোর্সে ১,৯৫০ আসন।
এ বছর ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন ১ লাখ ২২,৬৩২ জন শিক্ষার্থী, এর মধ্যে ছেলে ৪৯,০২৮ এবং মেয়ে ৭৩,৬০৪ জন। মন্ত্রণালয় শিক্ষার্থীদেরকে প্রশ্নফাঁস বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে এবং জানিয়েছে, এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই।
স্টাফ রিপোর্টার 




















