ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তাঁর পরিবারের চার সদস্যের প্রথম জানাজা আজ (রোববার) অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সকাল ৮টায় তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় জানাজার আয়োজন করা হয়েছে। এতে রেকর্ডসংখ্যক মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, শনিবার থেকেই গ্র্যান্ড মোসাল্লায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হয়েছে। জানাজার নামাজ শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান চত্বর শোকাহত মানুষের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সূচি অনুযায়ী, জানাজার পর সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে শোক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে খামেনির মরদেহ ইরাকের নজফ ও কারবালা শহরে নেওয়া হবে। পরে বৃহস্পতিবার দাফনের জন্য মরদেহ ইরানের মাশহাদে ফিরিয়ে আনা হবে।
আয়াতুল্লাহ আলি খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি দেশটির প্রেসিডেন্ট ছিলেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর গড়ে ওঠা রাষ্ট্রীয় কাঠামো এবং ইরানের সামরিক ও আধাসামরিক শক্তি সুসংহত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
প্রতিবেদন অনুযায়ী, খামেনির মৃত্যুর পর তাঁর ছেলে মোজতবা খামেনি উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর নেতৃত্বের শুরুতেই এ বৃহৎ রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক 






















