সরকারি সিদ্ধান্ত কার্যকর থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের দাপ্তরিক চিঠিপত্র এবং নথিতে এখনো পাঁচটি জেলার পুরোনো ইংরেজি বানান ব্যবহার করা হচ্ছে—এমন বাস্তবতায় সংশোধিত বানান ব্যবহারের ওপর জোর দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা উচ্চারণের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারিত নতুন ইংরেজি বানান যথাযথভাবে অনুসরণ করা সবার জন্য বাধ্যতামূলক।
সম্প্রতি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রকৌশলী বি. এম. আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর ও বগুড়া—এই পাঁচ জেলার ইংরেজি নাম সংশোধন করা হয়েছে। তবে বাস্তবে দেখা যাচ্ছে, সংশ্লিষ্ট অনেক দপ্তর ও প্রতিষ্ঠান এখনো পুরোনো বানান ব্যবহার করে দাপ্তরিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে।
কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, চট্টগ্রাম জেলার ক্ষেত্রে ‘Chittagong’ নয়, ‘Chattogram’ ব্যবহার করতে হবে। একইভাবে কুমিল্লার জন্য ‘Comilla’-এর পরিবর্তে ‘Cumilla’, বরিশালের জন্য ‘Barisal’ নয় ‘Barishal’, যশোরের ক্ষেত্রে ‘Jessore’-এর বদলে ‘Jashore’ এবং বগুড়া জেলার জন্য ‘Bogra’-এর পরিবর্তে ‘Bogura’ লিখতে হবে।
বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, প্রশাসনিক ও শিক্ষাসংক্রান্ত সব ধরনের নথি, চিঠিপত্র, সনদ, প্রতিবেদন এবং দাপ্তরিক যোগাযোগে সংশোধিত ইংরেজি বানান ব্যবহার নিশ্চিত করা জরুরি। পুরোনো বানান ব্যবহারের ফলে সরকারি সিদ্ধান্তের সঙ্গে অসামঞ্জস্য তৈরি হচ্ছে এবং প্রশাসনিক জটিলতার আশঙ্কাও দেখা দিচ্ছে।
এ অবস্থায় সংশ্লিষ্ট সব দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আগের বানান পরিহার করে নতুন নির্ধারিত ইংরেজি বানান যথাযথভাবে অনুসরণের জন্য পুনরায় অনুরোধ জানিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। বিষয়টি দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার 
























