ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে মরোন এলাকায় বুধবার স্থানীয় সময় বিকেলে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর এক মিনিটেরও কম সময় পর একই এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পে বহু ভবন ধসে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান চলছে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে জরুরি সেবাকর্মীরা।
ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেস দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এ দুর্যোগে মৃতের সংখ্যা ১০ হাজার থেকে এক লাখের মধ্যে হতে পারে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ব্যাপক হতাহত এবং মারাত্মক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
এদিকে, বিজ্ঞানীরাও ভেনেজুয়েলাজুড়ে বড় ধরনের ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির সম্ভাবনার কথা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত দেশটির কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করেনি।
ইউএসজিএসের তথ্যমতে, দুটি প্রধান ভূমিকম্পের পর কারাকাস ও আশপাশের এলাকায় প্রায় দুই ডজন পরাঘাত অনুভূত হয়েছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক 

























