আগামী সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, ভারতের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে। ইতোমধ্যে সেটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রিকসের সদস্য না হলেও বাংলাদেশকে বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। সে অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতে চলমান ছাত্র আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিবেশী অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক—এটাই চায়।
তিনি বলেন, “ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা আশা করি, তারা তাদের জনগণের বক্তব্য ও দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং চলমান সমস্যার শান্তিপূর্ণ সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।”
তবে প্রধানমন্ত্রীর ভারত সফর ও ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

আন্তর্জাতিক ডেস্ক 
























