জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৩৯ জন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নোটিশ পাঠানো হয়। অভিযুক্তদের মধ্যে ১৯ জন শিক্ষক এবং ২০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তাদের ১০ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
ফোকলোর বিভাগের প্রধান ড. মোহাম্মদ মেহেদী উল্লাহর বিরুদ্ধে অভিযোগ, যোগ্যতা ছাড়াই রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষক হওয়ার পাশাপাশি নম্বর টেম্পারিং করে এক ছাত্রীকে প্রথম স্থানে বসিয়ে নিয়োগ দেওয়া। এছাড়া থিয়েটার, সঙ্গীত, চারুকলা, দর্শন, বাংলা, ইংরেজি ও ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের অন্যান্য শিক্ষকও শোকজ হয়েছেন।
অভিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে রয়েছেন সাবেক রেজিস্ট্রার, অতিরিক্ত পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, উপ প্রধান প্রকৌশলী ও পার্সোনাল অফিসাররা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, শোকজ প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার 


























