বাংলাদেশ ক্রিকেটের জন্য এসেছে আরেকটি সুখবর। আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’—নভেম্বরের মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিততে পারলে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়বেন তিনি। এবারও লড়াই তিন স্পিনারের মধ্যেই সীমাবদ্ধ—তাইজুলের প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকার সিমন হারমার এবং পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ।
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে তাইজুল ছিলেন স্বপ্নময় ফর্মে। পুরো সিরিজে ২৬.৩০ গড়ে ১৩ উইকেট নিয়ে বাংলাদেশের ২–০ ব্যবধানে সিরিজ জয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন তিনি। সিলেট টেস্টে পাঁচ উইকেট নেওয়ার পর মিরপুরের ম্যাচে দু’ইনিংসেই চারটি করে মোট আট উইকেট তুলে নেন এই অভিজ্ঞ স্পিনার। ধারাবাহিক পারফরম্যান্সে সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে তার হাতে।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার অফস্পিনার সিমন হারমারও নজরকাড়া পারফরম্যান্স দিয়েছেন। ভারতের বিপক্ষে ২–০ ব্যবধানে সিরিজ জয়ের নেপথ্যের নায়ক ছিলেন তিনি। প্রায় ২৫ বছর পর এশিয়ার মাটিতে দক্ষিণ আফ্রিকার প্রথম সিরিজজয়ে ৮.৯৪ গড়ে ১৭ উইকেট—কলকাতা ও গুয়াহাটির দুই ম্যাচেই হারমার ছিলেন বিধ্বংসী। প্রথম টেস্টে ৮ উইকেট এবং দ্বিতীয় টেস্টে ৭ উইকেট নিয়ে তাকেও সিরিজ সেরার স্বীকৃতি দেওয়া হয়।
এদিকে পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ এক মাসে তিন ফরম্যাটেই দারুণ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে ৫২ গড়ে ১০৪ রান করার পাশাপাশি চার উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে-পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজেও টি-টোয়েন্টিতে ১১ উইকেট ও ৫২ রান করে ছিলেন আলোচনায়। বিশেষ করে ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ জয়ে বড় অবদান রাখেন তিনি এবং সিরিজ সেরা হন।
নভেম্বরের সেরা খেলোয়াড়ের লড়াইয়ে তাই তিন স্পিনারের সমান সুযোগ থাকলেও বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের দৃষ্টি থাকবে তাইজুলের দিকেই।
স্টাফ রিপোর্টার 
























