সিরিজের প্রথম টেস্টে ইতিহাস গড়েছে বাংলাদেশে। মিরপুর টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টানা তৃতীয় টেস্ট জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয়।
ম্যাচ জিততে পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ২৬৮ রান। তবে বাংলাদেশের বোলারদের দাপুটে পারফরম্যান্সে ১৬৩ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।
দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং করেছেন তরুণ পেসার নাহিদ রানা। আগুনঝরা গতিতে বল করে তিনি ৪০ রান খরচায় তুলে নেন ৫টি উইকেট, যা তার টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং। টেস্টে এটি তার দ্বিতীয় পাঁচ উইকেট শিকার।
নাহিদের সঙ্গে বোলিং আক্রমণে কার্যকর ভূমিকা রাখেন তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ। দুজনই শিকার করেন দুটি করে উইকেট। এছাড়া মেহেদী হাসান মিরাজ নেন একটি উইকেট।
সব মিলিয়ে দাপুটে পারফরম্যান্সে ঐতিহাসিক এক জয় তুলে নিয়ে সিরিজে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ।
২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। দলীয় ৫ রানের মধ্যেই ফিরে যান ইমাম-উল-হক। এরপর অধিনায়ক শান মাসুদও বেশিক্ষণ টিকতে পারেননি। ওপেনার আবদুল্লাহ ফজল একপ্রান্ত আগলে রেখে ১১৩ বলে ৬৬ রানের লড়াকু ইনিংস খেললেও অন্যপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।
মিডল অর্ডারে সালমান আগা ২৬ রান এবং সৌদ শাকিল ১৫ রান করলেও বড় জুটি গড়তে পারেননি কেউই। উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানও ৪৬ বলে ১৫ রান করে আউট হন। শেষদিকে হাসান আলী ও শাহীন আফ্রিদী ফিরলে পরাজয় নিশ্চিত হয় পাকিস্তানের।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন তরুণ পেসার নাহিদ রানা। দুর্দান্ত গতিতে বল করে তিনি ৯.৫ ওভারে ৪০ রান দিয়ে তুলে নেন ৫টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়া তাসকিন আহমেদ ২টি এবং তাইজুল ইসলাম ২টি উইকেট শিকার করেন। মেহেদী হাসান মিরাজও একটি উইকেট নেন।
শেষ পর্যন্ত ৫২.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৬৩ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। ফলে ১০৪ রানের স্মরণীয় জয় নিয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ।
স্পোর্টস ডেস্ক 

























