ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার দাবি করেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস-এর কার্যক্রম বাংলাদেশ ও পাকিস্তানে চলছে। তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানে সংগঠনটির সম্ভাব্য তৎপরতা পর্যবেক্ষণ করছে ইসরায়েল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বাইরে চরমপন্থী প্রভাব বিস্তারের আশঙ্কা রয়েছে এবং বাংলাদেশ ও পাকিস্তানে হামাস-সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
রিউভেন আজার আরও বলেন, ইসরায়েল বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের সম্ভাব্য কার্যক্রমের ওপর নজর রাখছে। তার মতে, ৭ অক্টোবরের হামলাকে চরমপন্থী গোষ্ঠীগুলো অন্যত্র কার্যক্রম পরিচালনার মডেল হিসেবে বিবেচনা করতে পারে।
সাক্ষাৎকারে তিনি পাকিস্তানের আঞ্চলিক কূটনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, ইসলামাবাদের অবস্থানকে ইসরায়েল সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে তিনি কাতারের ভূমিকাও সমালোচনা করেন।
ইসরায়েলি রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে ভারতের কর্তৃপক্ষকে তাদের উদ্বেগের কথা অবহিত করা হয়েছে। তিনি কট্টরপন্থী নেটওয়ার্কের বিস্তারকে একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।
তবে সাক্ষাৎকারে বাংলাদেশে হামাসের কার্যক্রমের দাবির পক্ষে তিনি কোনো নির্দিষ্ট প্রমাণ প্রকাশ করেননি। তার ভাষ্য অনুযায়ী, কিছু তথ্য প্রকাশ্য প্রতিবেদনের ভিত্তিতে পাওয়া গেলেও আরও কিছু কার্যক্রম জনসমক্ষে দৃশ্যমান নয় বলে তাদের ধারণা।
সূত্র: এনডিটিভি।
আন্তর্জাতিক ডেস্ক 
























