ময়মনসিংহের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও স্বনামধন্য ক্রিকেট কোচ হাবিবুল ইসলাম আলোক মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
শুক্রবার (১৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ শহরের নেক্সাস প্রাইভেট হাসপাতালে আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
হাবিবুল ইসলাম আলোক ময়মনসিংহ শহরের বাসিন্দা। তিনি বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও স্বনামধন্য ক্রিকেট কোচ হিসেবে পরিচিত ছিলেন।
ওমৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের তরুণ ক্রিকেটার মোসাব্বেক হোসেন সান।
তিনি বলেন, হাবিবুল ইসলাম আলোক কাকা ক্যান্সার রোগে ভুগছিলেন। এমতাবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেক্সাস হাসপাতালে ভর্তি করার পর শুক্রবার আইসিইউ’তে চিকিৎসাধীন ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মোসাব্বেক হোসেন সান আরও বলেন, আলোক কাকা ছিলেন ক্রিকেটার গড়ার কারিগর। তিনি দীর্ঘদিন ময়মনসিংহের ক্রিকেট উন্নয়নে অবদান রেখেছেন। ঐতিহ্যবাহী সার্কিট হাউজ মাঠের প্রতি ইঞ্চি মাটিতে তার ঘাম লেগে আছে। তার মৃত্যুতে ময়মনসিংহের ক্রিকেট অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। শনিবার বাদ যোহর নগরীর জিলা স্কুল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
এদিকে স্বনামধন্য এই ক্রিকেট কোচের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। হাবিবুল ইসলাম আলোককে শেষবারের মতো একনজর দেখতে প্রথমে নেক্সাস হাসপাতালে ও পরে বাড়িতে ভীড় জমান লোকজন। বিপুল সংখ্যাক মানুষ জানাজায় অংশ নেন। পরে দাফন সম্পন্ন হয়।
























