ময়মনসিংহে চলন্ত অবস্থায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের সংযোগ হুক ভেঙে দুটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে চালকের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ ও মশাখালী স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে হঠাৎ দুটি বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে বগি দুটি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিচ্ছিন্ন বগি দুটির সংযোগ হুক মেরামত করেন।
মেরামতকাজ শেষে সকাল পৌনে ১১টার দিকে ট্রেনটি পুনরায় নির্ধারিত গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।
ওসি আকতার হোসেন জানান, বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
স্টাফ রিপোর্টার 



















