যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। আগামী সোমবার (২০ জুলাই) প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
শুক্রবার (১৭ জুলাই) লন্ডনে ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ দলীয় সম্মেলনে তাকে আনুষ্ঠানিকভাবে নেতা ঘোষণা করা হয়। বিবিসির তথ্য অনুযায়ী, দলীয় এমপিদের ৩৭৯টি মনোনয়ন পেয়ে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতৃত্বের আসনে বসেন তিনি।
নেতা নির্বাচিত হওয়ার পর দেওয়া ভাষণে বার্নহাম বলেন, অতীতে তিনি সব সিদ্ধান্ত নিখুঁতভাবে নিতে পারেননি এবং কোথাও কোথাও ব্যর্থ হয়েছেন। তবে মানুষের কথা শুনে তিনি শিখেছেন এবং সেই অভিজ্ঞতা তাকে আরও পরিণত করেছে।
তিনি বলেন, “আমি জানি আমি কী বিশ্বাস করি এবং কী করতে চাই। আমার একটি পরিকল্পনা আছে।” মানুষের জীবনে নতুন করে আশা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, যুক্তরাজ্যের এখন নতুন ধরনের রাজনীতি প্রয়োজন এবং পরিবর্তন আনতে হলে লেবার পার্টিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
কিয়ার স্টারমারের নেতৃত্বের প্রশংসা করে বার্নহাম বলেন, ইতিহাসের অন্যতম বড় পরাজয় থেকে লেবার পার্টিকে বড় জয়ের পথে ফিরিয়ে এনেছেন স্টারমার। সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে তিনি নতুন অধ্যায় শুরু করতে চান।
নীতিগত অগ্রাধিকার সম্পর্কে বার্নহাম জানান, স্থানীয় সরকার ও সম্প্রদায়ের হাতে আরও ক্ষমতা হস্তান্তর, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং সামাজিক ও কাউন্সিল হাউজিং নির্মাণ বৃদ্ধি তার সরকারের প্রধান লক্ষ্য হবে। পাশাপাশি ওয়েস্টমিনস্টার ও হোয়াইটহলে কেন্দ্রীভূত ক্ষমতা স্থানীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্ব দেওয়া হবে।
আগামী সোমবার রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করবেন বার্নহাম। এরপর ডাউনিং স্ট্রিটে ভাষণ দিয়ে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক 
























