ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কোনো ধরনের আপস করা হবে না বলে স্পষ্ট জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্রীয় সরকারের দুই শীর্ষ মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকের পরও দলটি তাদের অবস্থান থেকে সরে আসেনি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছে দলটি। পাশাপাশি আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সরকারের দুই শীর্ষ মন্ত্রী। জানা গেছে, শনিবার দুই পক্ষের মধ্যে তৃতীয় দফার আলোচনা হওয়ার কথা রয়েছে।
দলটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, ধর্মেন্দ্র প্রধানকে মন্ত্রিসভা থেকে অপসারণ বা তার পদত্যাগ ছাড়া অন্য কোনো প্রস্তাব গ্রহণযোগ্য নয়। তিনি জানান, অন্যান্য দাবির বিষয়ে সরকার ইতিবাচক ইঙ্গিত দিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রশ্নে আরও সময় চেয়েছে।
অন্য মুখপাত্র সৌরভ দাস অভিযোগ করেন, দিল্লির যন্তর মন্তর এলাকায় আন্দোলনকারীদের পাশাপাশি স্বেচ্ছাসেবক ও আইনজীবীদেরও আটক করছে দিল্লি পুলিশ। বিষয়টি সরকারের নজরে আনা হলে, এমন ঘটনা ঘটলে তা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।
আন্তর্জাতিক ডেস্ক 
























