আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তার মতে, এবার প্রথমবারের মতো বিশ্বকাপ জিতবে মরক্কো।
সিটি হলের লনে এক সাক্ষাৎকারে মামদানি বলেন, গভীর পরিসংখ্যান বা প্রযুক্তিগত বিশ্লেষণের চেয়ে ফুটবলের প্রতি ভালোবাসা এবং আফ্রিকান ফুটবলের প্রতি তার আবেগ থেকেই তিনি মরক্কোকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন। তার ধারণা, ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতবে মরক্কো।
মামদানির পূর্বাভাস অনুযায়ী, ব্রাজিল শেষ ৩২-এ জাপানের কাছে হেরে বিদায় নেবে। যুক্তরাষ্ট্র কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছালেও ইংল্যান্ডের কাছে হেরে যাবে। এছাড়া হাইতি শেষ ৩২ পর্যন্ত উঠবে এবং ঘানা নকআউট পর্বে পৌঁছেও কলম্বিয়ার কাছে পরাজিত হবে।
উগান্ডায় জন্ম নেওয়া মামদানি দীর্ঘদিন ধরেই আফ্রিকান ফুটবলের সমর্থক। ২০২২ বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সাফল্যের পরও তিনি তাদের সমর্থনে উদযাপনে অংশ নিয়েছিলেন। সেই আবেগ থেকেই এবার মরক্কোকে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে দেখছেন তিনি।
এদিকে, ১৩ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের মুখোমুখি হবে মরক্কো। ম্যাচটিতে মরক্কোর পারফরম্যান্স মামদানির এই সাহসী ভবিষ্যদ্বাণীর প্রথম বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

স্পোর্টস ডেস্ক 

























