শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা নগরীর টাউন হল মোড়ে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী দুর্ভোগে থাকলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়নি। এছাড়া পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর কথিত অবমাননাকর মন্তব্যেরও প্রতিবাদ জানান তারা।
কর্মসূচি থেকে শিক্ষার্থীরা চার দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—স্বাভাবিক পরিবেশে এইচএসসি পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্রের যৌক্তিক মান নিশ্চিত করা, যৌক্তিক কারণে পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের দ্রুত পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগে শিক্ষামন্ত্রীর প্রকাশ্য জবাবদিহি অথবা পদত্যাগ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে টাউন হল মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেওয়ার চেষ্টা চলছে, যাতে যান চলাচল স্বাভাবিক করা যায় এবং কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।

স্টাফ রিপোর্টার 






















