জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশে প্রাদেশিক সরকার প্রতিষ্ঠার প্রস্তাবের বিরোধিতা করেছে। তবে দলটি কুমিল্লা ও ফরিদপুরকে নতুন বিভাগ হিসেবে গঠনের পক্ষে মত দিয়েছে এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বর্ধিত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
তিনি জানান, এনসিপি উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্যদের পদ বিলুপ্তির বিরোধিতা করছে এবং স্থানীয় সরকার কাঠামোতে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার পক্ষে অবস্থান নিয়েছে। এনসিপি চায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যেন সরাসরি ভোটে নির্বাচিত হন, যেখানে ঐকমত্য কমিশন সদস্যদের ভোটে নির্বাচন করার প্রস্তাব দিয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার নিয়েও মতপার্থক্য রয়েছে। এনসিপি মনে করে, দলীয় প্রতীক থাকলে সহিংসতা বাড়ে এবং এটি আওয়ামী ফ্যাসিবাদের প্রবর্তিত একটি ব্যবস্থা, যা সমাজে সাংস্কৃতিক বিপর্যয় ডেকে এনেছে।
এছাড়া, নির্বাচন কমিশনের কার্যকাল শেষ হওয়ার পর কোনো অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠলে তা সংসদীয় কমিটির মাধ্যমে তদন্তের প্রস্তাব দেয় ঐকমত্য কমিশন। কিন্তু এনসিপির মতে, এতে রাজনীতিকীকরণের আশঙ্কা থাকে। বরং তারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্তের প্রস্তাব দেয়।


























