ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনায় প্রায় ৩০ কোটি মার্কিন ডলারের জরুরি তহবিল চেয়েছে জাতিসংঘ। একই সঙ্গে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৮১১ জনে পৌঁছেছে।
জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার জানিয়েছেন, আগামী ছয় মাসে ১৩ লাখ ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি সহায়তার জন্য ২৯ কোটি ৬০ লাখ ডলার প্রয়োজন। এ লক্ষ্যেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আবেদন জানানো হয়েছে।
এদিকে পুনরুদ্ধার কার্যক্রমে অর্থায়নের জন্য বিভিন্ন দেশে জব্দ থাকা ভেনেজুয়েলার রাষ্ট্রীয় সম্পদ ছাড়ের আহ্বান জানিয়েছে কারাকাস। পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেন, অবরুদ্ধ সম্পদ পুনর্গঠনে ব্যবহারের সুযোগ দেওয়া উচিত।
অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ জানিয়েছেন, যুক্তরাজ্যে ব্যাংক অব ইংল্যান্ডে সংরক্ষিত প্রায় ৩০ টন স্বর্ণ ছাড়ের অনুরোধ জানিয়ে তিনি রাজা তৃতীয় চার্লসকে চিঠি দিয়েছেন। তার ভাষ্য, এই সম্পদ ভেনেজুয়েলার জনগণের এবং ভূমিকম্প-পরবর্তী পুনর্গঠনে তা প্রয়োজন।
ত্রাণ কার্যক্রম সহজ করতে যুক্তরাষ্ট্র চার মাসের জন্য ভেনেজুয়েলার ওপর আরোপিত কয়েকটি অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২৪ জুনের ভূমিকম্পে দেশটির প্রায় ৬৭০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে, যা ভেনেজুয়েলার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬ শতাংশের সমান।
ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষ আহত হয়েছেন এবং অন্তত ১৮ হাজার মানুষ গৃহহীন হয়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরায় বহু ভবন ধসে পড়েছে। আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলোর জীবিত উদ্ধার অভিযান প্রায় শেষ হলেও স্বজনরা এখনো ধ্বংসস্তূপে নিখোঁজদের খোঁজ চালিয়ে যাচ্ছেন।

আন্তর্জাতিক ডেস্ক 
























