ইন্দোনেশিয়ায় বিনামূল্যের স্কুলের দুপুরের খাবার খেয়ে এক হাজারের বেশি শিশু অসুস্থ হয়েছে। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর বহুল আলোচিত পুষ্টিকর খাবার কর্মসূচির আওতায় এ ঘটনা ঘটেছে।
পশ্চিম জাভার সিপংকোর কমিউনিটি হেলথ সেন্টারের প্রধান ইউয়ুন সারিহোতিমা বিবিসি ইন্দোনেশিয়াকে বলেন, সোমবার থেকে বুধবারের মধ্যে অন্তত ১ হাজার ২৫৮ জন শিক্ষার্থী বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে।
এর আগে গত সপ্তাহে পশ্চিম জাভা ও মধ্য সুলাওয়েসি প্রদেশে ৮০০ শিক্ষার্থী অসুস্থ হয়েছিল।
৮ কোটি শিশুকে বিনা মূল্যে দুপুরের খাবার দেওয়ার লক্ষ্য নিয়ে প্রাবোও এ কর্মসূচি চালু করেছিলেন। তবে একের পর এক বিষক্রিয়ার ঘটনায় স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বেশ কিছু বেসরকারি সংস্থা কর্মসূচি স্থগিতের আহ্বান জানিয়েছে।
পশ্চিম জাভার গভর্নর ডেডি মুলিয়াদি জানান, প্রদেশের চারটি এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছে। সোমবার পশ্চিম বান্দুংয়ে খাবার খাওয়ার পর ৪৭০ জন শিক্ষার্থী অসুস্থ হয়। বুধবার সুকাবুমিসহ অন্য অঞ্চলেও আরও অন্তত ৫৮০ শিক্ষার্থী আক্রান্ত হয়েছে।
তবে কমিউনিটি ক্ষমতায়নের সমন্বয়কারী মন্ত্রী মুহাইমিন ইস্কান্দার বলেন, কর্মসূচি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই।
অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে পেটব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাবসহ শ্বাসকষ্টের লক্ষণ দেখা গেছে।
বারবার এ ধরনের ঘটনা ঘটায় খাবারের মান ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সব সত্ত্বেও কর্মসূচি দ্রুত সম্প্রসারিত হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক 
























