কয়েক বছর ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের হয়ে একমাত্র প্রতিনিধিত্ব করছেন মুস্তাফিজুর রহমান। তবে বাঁ–হাতি এই কাটার মাস্টারের আসন্ন আইপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বেশ কয়েকদিন ধরে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করে আসছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। যার প্রতিক্রিয়ায় এবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মুস্তাফিজকে কলকাতার স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বিকল্প যেকোনো ক্রিকেটারকেই তাদের পছন্দমতো নেওয়ার সুযোগ দেবে বিসিসিআই। সংস্থার পক্ষ থেকে সেই অনুমোদন দেওয়া হয়েছে।’
এর আগে নয় কোটি ২০ লাখ রুপি, বর্তমান বিনিময়মূল্য অনুযায়ী বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১২ কোটি টাকা দামে মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স, এর মাধ্যমে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হয়ে যান মুস্তাফিজ।
স্পোর্টস ডেস্ক 


























