কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয়। এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তান জানিয়েছে, ভারতে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে ওয়াঘা সীমান্ত খোলা থাকবে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এই সিদ্ধান্ত এমন সময় এসেছে যখন অনেক পাকিস্তানি নাগরিক ভারতের অটারি সীমান্তে আটকে রয়েছেন। হঠাৎ করে ভিসা বাতিল হওয়ায় চিকিৎসারত রোগী, পর্যটক এবং পরিবারের সদস্যরা চরম দুর্ভোগে পড়েছেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “অনেক রোগী চিকিৎসা শেষ না করেই ফিরে যেতে বাধ্য হয়েছেন। কিছু পরিবার আলাদা হয়ে গেছে, শিশুরা বাবা বা মায়ের একজনের সঙ্গে ফিরেছে, অন্যজন রয়ে গেছে ভারতে।”
বিবৃতিতে আরও জানানো হয়, “ভারত থেকে পাকিস্তানি নাগরিকদের ফেরার শেষ সময় ৩০ এপ্রিল নির্ধারিত ছিল। তবে এখনো যারা ফেরেননি, তাদের ফিরিয়ে আনতে ওয়াঘা সীমান্ত খোলা থাকবে— যদি ভারতীয় কর্তৃপক্ষ পারাপারের অনুমতি দেয়।”
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভবিষ্যতেও পাকিস্তানি নাগরিকদের জন্য ওয়াঘা সীমান্ত খোলা থাকবে। পাশাপাশি, ভারতের ভিসা বাতিলের পদক্ষেপকে তারা “গভীর মানবিক সংকট” হিসেবে উল্লেখ করেছে।

























