সকাল ১০টা ৩৮ মিনিটে বাংলাদেশের নরসিংদীর মাধবদী অঞ্চলে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার মধ্যম ধরনের ভূমিকম্প আঘাত হানে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, তাদের পরিমাপে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে ঢাকার বিভিন্ন এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়, অনেকে ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন।
ভারতেও অনুভূত কম্পন
ভূমিকম্পের প্রভাব সীমান্ত পেরিয়ে ভারতের কলকাতা এবং সংলগ্ন এলাকাতেও পৌঁছে যায়। এনডিটিভির খবরে বলা হয়েছে, কলকাতার বাসিন্দারা মৃদু কম্পন অনুভব করেছেন। অনেকেই ফ্যান ও দেয়ালে ঝোলানো সামগ্রী নড়তে দেখেছেন। টানা ১৮ সেকেন্ড ধরে কম্পন বোঝা যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২।
পাকিস্তানেও একইদিনে ভূমিকম্প
এদিন সকালেই পাকিস্তানে ৫.২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এনডিটিভির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১৩৫ কিলোমিটার গভীরে। সেখানে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আন্তর্জাতিক ডেস্ক 


























