একবিংশ শতাব্দীর মানুষের দৈনন্দিন জীবনে সোশ্যাল মিডিয়ার উপস্থিতি এখন অপরিহার্য। ফেসবুক, এক্স (পূর্বতন টুইটার), ইনস্টাগ্রাম কিংবা লিংকডইন—এই সব প্ল্যাটফর্ম ছাড়া অনেকের দিন শুরুই যেন অসম্পূর্ণ। তাই প্রতিবছর ৩০ জুন বিশ্বব্যাপী পালিত হয় ‘বিশ্ব সোশ্যাল মিডিয়া দিবস’, যার উদ্দেশ্য এই প্রযুক্তিনির্ভর মাধ্যমটির ভূমিকা এবং প্রভাবের প্রতি গুরুত্বারোপ করা।
সোশ্যাল মিডিয়া যে কেবল যোগাযোগের মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে, তা নয়—এটি এখন তথ্য আদান-প্রদানের দ্রুততম পথ, মত প্রকাশের স্বাধীন প্ল্যাটফর্ম, এমনকি অনেকের পেশাগত পরিচয়ের অংশ। একসময় যেখানে কোনো খবর পৌঁছাতে সময় লাগত ঘণ্টার পর ঘণ্টা, সেখানে এখন মুহূর্তেই বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ছে ঘটনা, ছবি বা ভিডিও।
বিশেষজ্ঞরা বলছেন, সোশ্যাল মিডিয়ার এই বিপ্লব মানব সমাজে এক নতুন সংযুক্তির সম্ভাবনা তৈরি করেছে। একদিকে যেমন এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য মতপ্রকাশের মুক্ত মঞ্চ, অন্যদিকে ব্র্যান্ড, উদ্যোক্তা ও গণমাধ্যমের জন্য এটি হয়ে উঠেছে প্রভাব বিস্তারের অন্যতম কৌশল।
করোনা মহামারির সময় সোশ্যাল মিডিয়ার ভূমিকাই এক নতুন মাত্রা যোগ করে। যখন মানুষ ঘরবন্দি, উদ্বিগ্ন ও অনিশ্চয়তায় জর্জরিত ছিল, তখন এই মাধ্যমগুলো হয়ে ওঠে তথ্য, মানসিক সহায়তা ও মানবিক যোগাযোগের হাতিয়ার।
বিশ্ব সোশ্যাল মিডিয়া দিবস তাই কেবল উদযাপনের দিন নয়—এটি প্রযুক্তি ও মানবিকতার এক অভিন্ন মেলবন্ধনের প্রতীক। সোশ্যাল মিডিয়ার ইতিবাচক ব্যবহার, তথ্যের সত্যতা যাচাই এবং নেটিকতার বিষয়গুলো নিয়েও ভাবার সময় এখন।


























